ধরমশালা, ১৫ জুন (হি.স.) : জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের মত প্রথম সারির তিন বোলারকে ছাড়াই রবিবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে নামছে টিম ইন্ডিয়া। পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের পেস অ্যাটাকের প্রধান তিন মুখ নভদীপ সাইনি, খলিল আহমেদ ও দীপক চাহার। টিম কোহলির অনভিজ্ঞ এই বোলিং আক্রমণকেই দক্ষিণ আফ্রিকার ‘সুযোগ’ হিসেবে দেখছেন দলের ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার।

প্রাক্তন প্রোটিয়া অল-রাউন্ডারের মতে ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে সহজেই চাপে ফেলতে পারে তাঁর দলের ব্যাটসম্যানরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পেসার ত্রয়ীর একত্রে ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র ১৬টি। আর ক্লুজনারের মতে ভারতের বিরুদ্ধে তাদের নয়া কম্বিনেশনে গড়ে ওঠা দলের কাছে এটাই সেরা সুযোগ। একইসঙ্গে নিজের দলের উদীয়মান অল-রাউন্ডার তেম্বা বাভুমাকে নিয়ে বাড়তি উচ্ছ্বসিত ক্লুজনার। টেস্ট ক্রিকেট খেললেও বাভুমাকে লাল বলের ক্রিকেটার মানতে নারাজ প্রোটিয়াদের ব্যাটিং কোচ। সিএসএ টি-২০ ফাইনালে শতরান হাঁকানো ক্রিকেটারের ব্যাটিং ধরন নিয়ে বলতে গিয়ে ক্লুজনার জানান, বিগ হিট নয় বরং স্ট্রাইক রোটেশন পদ্ধতিতেই খেলতে পছন্দ করেন।
অন্যদিকে ধরমশালায় ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে উন্মোচিত হল নয়া জার্সি। গত ৫ সেপ্টেম্বর থেকে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ওপো’কে সরিয়ে ভারতীয় ক্রিকেটের নয়া টাইটেল স্পনসর হিসেবে আত্মপ্রকাশ করেছে এডুকেশন ও লার্নিং অ্যাপ ‘বাইজু’। শনিবার জার্সি আত্মপ্রকাশ অনুষ্ঠানে নয়া স্পনসরের নাম লেখা নতুন জার্সি পরে সংবাদমাধ্যমের সামনে আসেন অধিনায়ক বিরাট কোহলি, ডেপুটি রোহিত শর্মা ও কোচ রবি শাস্ত্রীকে।

