নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ ফের ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত৷ অবশ্য সারা দেশের সাথে সাযুজ্য রেখেই এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব বিচারক এস শর্মা রায়৷ তিনি জানান, আগামী ১৪ সেপ্ঢেম্বর শনিবার ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে৷

তাঁর কথায়, জাতীয় লোক আদালতে মোট ২ হাজার ৩২৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ এর মধ্যে আছে মোটর যান দুর্ঘটনা, ক্ষতিপূরণের মামলা, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ, দেওয়ানি স্বাক্ষর ইত্যাদি মামলা৷ এ-জন্য হাইকোর্ট-সহ রাজ্যে মোট ৪৪টি আদালত বসবে৷
তিনি বলেন, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্ট বসবে৷ সেখানে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ১৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ এছাড়া বিভিন্ন আদালতে ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ১,৭৯৫টি মামলা, এমএসিটি মামলা ১৮৩টি (হাইকোর্ট-সহ), আপসযোগ্য বিরোধের ১৩৩টি মামলা, বৈবাহিক বিরোধের ১৪১টি মামলা, এনআই অ্যাক্টের ৪৮টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ৪-টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে৷
বিচারক এস শর্মা রায় বলেন, ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছে৷ আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযোগিতা করতে আধা আইনি স্বেচ্ছাসেবকরা (পিএলভি) থাকবেন৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ করা হয়েছে৷ এর সঙ্গে আবেদন করা হচ্ছে, মামলার বিষয়ে কোনও নথি কারও নিযুক্ত আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে, লোক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে হবে, যোগ করেন তিনি৷

