একাধিক অভিযানে প্রায় ২৩ লক্ষ টাকার নেশা দ্রব্য আটক করেছে, গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর ৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে আজ বড় সাফল্য পেল ত্রিপুরা পুলিশের অ্যান্টি নারকোটিক্স সেল৷ সোমবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয় রাজধানীর বাধারঘাট এলাকার কেশব সংঘের পার্শবর্তী একটি গুদামে৷


এই অভিযানে পুলিশ মোট ১৪,৪৬০ শিশি নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করে৷ এগুলি প্যাকেটের মধ্যে অন্যান্য সামগ্রী সঙ্গে লুকনো ছিল৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন অ্যান্টি নারকোটিকস সেলের এসপি মানিক দাস এবং ডিএসপি তরুণ দেববর্মা৷ তাঁদের সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনীও ছিল৷ এগুলির বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে অ্যান্টি নারকোটিকস সেলের এসপি মানিক দাস জানিয়েছেন৷


পরবর্তীতে তাঁরা বাধারঘাটের স্পোর্ট সুকল সংলগ্ণ একটি গুদামে অভিযান চালিয়ে মোট ৬৪০ শিশি এসকাফ ব্র্যান্ডের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেন৷ এগুলোর বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা৷ সেই সঙ্গে এ-সব নিষিদ্ধ নেশা সামগ্রীর মালিক পৃথ্বীশ দেবকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানান ডিএসপি তরুণ দেববর্মা৷ তার বাড়ি সদর মহকুমার খয়েরপুর এলাকায়৷
সব মিলিয়ে আজ পুলিশ আগরতলা শহর থেকে প্রায় ২৩ লক্ষ টাকার নেশার সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে৷