গাড়ি শিল্পে মন্দা : অর্থমন্ত্রীর কাঠগড়ায় অ্যাপ ক্যাব পরিষেবা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি. স.) : ভারতে গাড়ি শিল্পের মন্দার জন্য কাঠগড়ায় এবার অ্যাপ ক্যাব পরিষেবাই। ওলা ও উবের অ্যাপ ক্যাব পরিষেবাকে গাড়ি শিল্পের মন্দার জন্য দায়ী করার পাশাপাশি এই ব্যাপারে দূষণ নিয়ন্ত্রণ বিধিকেও একহাত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার নির্মলা সীতারমণ বলেন, “ভারত স্টেজ ৬ দূষণ নীতি এবং নবীন প্রজন্মের মানসিকতা, যাঁরা গাড়ি কেনার চেয়ে ওলা ও উবের ব্যবহার করতে বেশি পছন্দ করেন, গাড়ি শিল্পে বড়সড় প্রভাব ফেলেছে। দুই বছর আগেও এই শিল্পে সুদিন ছিল। কিন্তু, এখন মন্দা।”

উল্লেখ্য, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-এর হিসেব অনুযায়ী, গাড়ি শিল্পে এত ধস এর আগে নামেনি কখনও। বিশেষজ্ঞদের মতে, মাসিক কিস্তিতে গাড়ি কেনার থেকে যাতায়াতের জন্য ওলা বা উবেরের মতো অ্যাপ ক্যাবই বেশি পছন্দ করেন বর্তমান প্রজন্ম। মন্দা এড়াতে জিএসটি রেট কমানোর জন্য জিএসটি কাউন্সিলেরও দ্বারস্থ হয়েছে গাড়ি শিল্প। ২০ সেপ্টেম্বর কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।