ভারী বৃষ্টির জেরে উষ্ণতা কমে স্বস্তিতে দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসে

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি. স.) : সকাল থেকেই রাজধানী দিল্লির আকাশ মেঘলা। শনিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। রবিবার সকাল পর্যন্ত শহর জুড়ে গড়ে ৪৭.৪ মিলিমিটার (মিমি) বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া দফতর। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি কমে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) সূত্রের খবর, শহরের অধিকাংশ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। বিকেলের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বল্প থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে সফদরজংয়ের আবহাওয়া দফতর সূত্রে খবর। বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সফদরজংয়ের আবহাওয়া দফতর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।