আজ থেকে ট্রেনের ই-টিকিটে সার্ভিস চার্জ বসল

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আজ রবিবার থেকে ওয়েবসাইটের মাধ্যমে দূরপাল্লা ট্রেনের টিকিট কাটার খরচ বাড়ল। আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে ই-টিকিটে সার্ভিস চার্জ নেওয়া ফের শুরু করছে রেলের অধীনস্ত এই সংস্থা।

সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে স্লিপার ক্লাস-সহ সমস্ত নন-এসির ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটলে সার্ভিস চার্জ বাবদ দিতে হবে ১৫ টাকা। আর ফার্স্ট ক্লাস-সহ সমস্ত এসি ক্লাসের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়াবে ৩০ টাকা। এর সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। ফলে সবমিলিয়ে আরও বেশ কিছুটা বাড়বে খরচ।

ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে বছর তিনেক আগে আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট টাকার ক্ষেত্রে সার্ভিস চার্জ তুলে দিয়েছিল কেন্দ্র। সে সময়ে নন-এসি টিকিটের ক্ষেত্রে ২০ টাকা এবং এসি টিকিটের ক্ষেত্রে ৪০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হত।