নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ সন্তানের হাতে মার খেয়ে অপমানে ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হলেন বাবা-মা৷ পূর্ব আগরতলা থানাধীন পশ্চিম চাম্পামুড়ার পূর্ব আড়ালিয়ায় এই ঘটনায় সোমবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে৷ মৃতদেহের পাশে রক্তের ছাপ দেখে স্থানীয় জনগণ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷

পূর্ব আগরতলা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে খবর পেয়ে এসে দেখি বাড়ির বারান্দায় যতীন্দ্র দাস (৬২) ও তাঁর স্ত্রী শিখা দাস (৫১) ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন৷ সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমকে খবর দেওয়া হয়েছে৷ তাঁরা এসে পরীক্ষা-নিরীক্ষা করেছে৷ তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এদিকে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এ-বিষয়ে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা সম্ভব বলে ওই পুলিশ অফিসার জানিয়েছেন৷
মৃত দম্পতির ছেলে দেবাশিস দাস জানান, সকালে বাড়ি ফিরে বাবা-মা আত্মহত্যা করেছেন জানতে পেরেছি৷ কিন্তু, তার বাবা-মা কেন আত্মহত্যা করেছেন তা তিনি কিছুই বলতে পারছেন না৷
এদিকে, প্রতিবেশীদের বক্তব্য, পেশায় গাড়িচালক দেবাশিস তার বাবা-মা’কে প্রায়ই মারধর করতেন৷ গতকাল রাতেও একইভাবে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে জিনিসপত্র ভাঙচুর করছিলেন এবং বাবা-মা’কে মারধরও করেছেন৷ তাই, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তার বাবা-মা৷ প্রতিবেশীদের ধারণা, সন্তানের হাতে মার খেয়ে অপমানে বাড়ি ফিরে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ দম্পতি৷

