নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ সোমবার সাতসকালে নালা থেকে ষাটোর্ধ জনৈক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার শহরতলি শ্রীনগর থানাধীন উড়িয়াপাড়া এলাকায়৷ শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের নাম শরৎ ভট্টাচার্য (৬১)৷ তিনি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন৷

আজ সকাল সাতটা নাগাদ শ্রীনগর থানাধীন আনন্দনগরের ওড়িয়াপাড়া এলাকায় ধানের জমির পাশে এক নালায় স্থানীয়রা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবিবি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
এ-বিষয়ে শ্রীনগর থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানান, সকালে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মীদের নিয়ে ওড়িয়াপাড়ায় ছুটে যাই৷ সেখানে গিয়ে ধানের জমির পাশে নালায় ওই মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখি৷ স্থানীয়দের সহায়তায় নালা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে৷ তিনি আরও জানান, ওই মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে৷ তাঁর নাম শরৎ ভট্টাচার্য৷
স্থানীয় বাসিন্দা বৃদ্ধটি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন৷ পুলিশ অফিসার আরও জানিয়েছেন, মৃতদেহে আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ তাই, তাঁকে হত্যা করে ওই নালায় ফেলে রাখা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে৷

