পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, অভিযোগ এনে রাস্তায় নামল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ বিজেপি-আইপিএফটি জোট ত্রিস্তয়ীর পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে৷ এই অভিযোগ তুলে মঙ্গলবার সিপিআইএম-এর পশ্চিম জেলা কমিটি আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷


এ-বিষয়ে সিপিআইএম-এর পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন, ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়াকে ধবংস করে দিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাই রাস্তায় নামমে বাধ্য হয়েছি৷
পবিত্রবাবু বলেন, আগামী ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে৷ অতীতেও এই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু, এখন বিজেপি-আইপিএফটি জোট সরকার সমস্ত গণতান্ত্রিক নিয়ম লঙ্ঘন করে ফেলেছে৷ তাঁর দাবি, বিরোধীরা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অবস্থায় নেই৷

কারণ, ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের ফলে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে ত্রিপুরায়৷ তাঁর অভিযোগ, ভয়ঙ্কর অস্ত্র দেখিয়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছেন শাসক দলের সমর্থকরা৷ শুধু তাই নয়, গতকাল বক্সনগরে সিপিএম প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে৷


অভিযোগ করেন পবিত্র কর বলেন, দক্ষিণ জেলা, পশ্চিম জেলা এবং ধলাই জেলায় সিপিএম প্রার্থীরা প্রস্তুত থাকলেও শাসক দলের ভয়ে তাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি৷ তাঁর আরও অভিযোগ, গতকাল পশ্চিম জেলায় সমস্ত ব্লক অফিস ঘেরাও করে রেখেছিল শাসক দলের কর্মীরা৷ তাই, সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি৷


তিনি জানান, ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি৷ কারণ, এখন রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে৷ এই পরিস্থিতি থেকে মুক্তির আশায় আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, জানান তিনি৷