নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের প্রাণকেন্দ্র মেলারমাঠ এলাকার দিঘিতে৷ এদিন সকালে অন্য সকলের সঙ্গে দিঘির জলে স্নান করতে নামেন শেখ সহিদ পাশা (৩৯) নামের এক ব্যক্তি৷ জলে ডুব দিয়ে দীর্ঘ সময় ধরে উঠছে না দেখে ঘাটে স্নান করতে আসা অন্যান্যদের সন্দেহ হয়৷ তাঁরা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে বটতলা ফাঁড়ি থানা ও পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে৷

বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁকে জলের নীচ থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ তখন কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতের বাড়ি অন্ধ্রপ্রদেশের করিমনগর এলাকায় বলে জানা গিয়েছে৷ তিনি পেশায় বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের গাড়ি চালক ছিলেন৷ প্রসঙ্গত. এর আগেও বিভিন্ন সময় এই দিঘির জলে পড়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷
