নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): রাজনৈতিক মহলে তুমুল জল্পনা! জল্পনা চলছে পতিদার আন্দোলনের তরুণ নেতা হার্দিক প্যাটেলকে নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, কংগ্রেসে যোগ দিতে পারেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। সব কিছু ঠিকঠাক থাকলে ১২ মার্চ (মঙ্গলবার) আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন যুব সমাজ এবং কৃষকদের মধ্যে জনপ্রিয় হার্দিক। যদিও, কংগ্রেসের তরফে এখনও সরাসরি এ কথা ঘোষণা করা হয়নি।

গুজরাট কংগ্রেস সূত্রের খবর, ১২ মার্চ রাহুল গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে পারেন হার্দিক প্যাটেল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে হার্দিকের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী-সমর্থকেরাও। শোনা যাচ্ছে, কংগ্রেসে যোগ দেওয়ার পর আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাটের জামনগর লোকসভা কেন্দ্র থেকে ভোট দাঁড়াবেন হার্দিক। প্রসঙ্গত, জামনগর লোকসভা আসন এখন বিজেপির দখলে। গত লোকসভা নির্বাচনে বিজেপির পুনাবেন মাদাম এই আসনে বিজয়ী হন।

