নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার দাপট এখনও বজায় রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকায়| বিগত কয়েকদিনের মতো সোমবারও ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী এবং পাশ্ববর্তী এলাকা| ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় এদিন দিল্লি থেকে দেরিতে ছেড়েছে ১৩টি ট্রেন| পাশাপাশি বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও| দিল্লির আবাহওয়া দফতর সূত্রের খবর, সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াস| তাপমাত্রার পারদ সামান্য বাড়লেও, শীত এখনও ভালোই অনুভূত হচ্ছে |

রেল সূত্রের খবর, সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় দিল্লিতে এদিন ১৩টি ট্রেন দেরিতে ছেড়েছে| দেরিতে ছেড়েছে পুরী-নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (৪ ঘন্টা দেরিতে ছেড়েছে) এবং গরিব রথ এক্সপ্রেস-সহ ১৩টি ট্রেন| ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ার পাশাপাশি, কুয়াশার দাপটে উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়েছে| দৃশ্যমানতার অভাবে সকাল ন’টা থেকে দশটা পর্যন্ত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ রাখা হয়| পরে সকাল দশটা থেকে ২৯ নম্বর রানওয়ে থেকে উড়ান পরিষেবা স্বাভাবিক হয়|

