অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে দুরন্ত ফর্মে হরমনপ্রীত ও স্মৃতি

ক্যানবেরা, ২১ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে দলের হয়ে ফের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার মহিলা টি-২০ অধিনায়িকা হরমনপ্রীত কউর। আবার ক্যাপ্টেনকে একচুল জায়গা ছাড়তে নারাজ তাঁর ডেপুটি স্মৃতি মন্ধনা। ঘরোয়া টি-২০ লিগে ব্যাক্তিগতভাবে রং ছড়িয়েছেন হরমনপ্রীত ও স্মৃতি। এবার অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে নিজ নিজ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দুই ভারতীয় তারকা। ব্যাক্তিগত পারফরম্যান্সের নিরিখে ইংল্যান্ডে হরমনপ্রীতকে ছাপিয়ে গিয়েছিলেন মন্ধনা। এপর্যন্ত বিগ ব্যাশে হরমনপ্রীতের দাপটই ছিল বেশি। হোবার্ট হ্যারিকেন্স ও সিডনি থান্ডারের সম্মুখ সমরেও মন্ধনাকে টেক্কা দিলেন তাঁর জাতীয় দলের ক্যাপ্টেন।
টসে জিতে সিডনি প্রথমে ব্যাট করতে পাঠায় হ্যারিকেন্সকে। নির্ধারিত ২০ ওভারে হোবার্ট ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে। ওপেন করতে নেমে মন্ধনা ২২ বলে ২৯ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। মন্ধনার ক্যাচ ধরেন হরমনপ্রীতই। এরিক ফাজাকেরলি ৩৫ ও হিথার নাইট ৩৪ রান করেন। স্টেফানি টেলর ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। পাল্টা ব্যাট করতে নেমে সিডনি ১৭.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে যায়। যদিও হরমনপ্রীত ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৩ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। তবু তাঁর দল ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় ম্যাচে। নাওমি স্টালেনবারগ ৫৫ ও রাচেল প্রিস্ট ৪০ রান করেন। ব্ল্যাকওয়েল ও টেলর উভয়েই ব্যাক্তিগত ২০ রানে অপরাজিত থাকেন।
এপর্যন্ত টুর্নামেন্টের ছ’টি ইনিংসে মন্ধনার সংগ্রহ যথাক্রমে ০, ৬৯, ১৬, ২১, ৩৮ ও ২৯। সেখানে হরমনপ্রীত পাঁচটি ইনিংসে করেছেন ৪৫, ৫৬, ৩৩, অপরাজিত ৫২ ও ১৩ রান। বল হাতে একটি উইকেটও নিয়েছেন হরমনপ্রীত।