বিজেপি এবং নীতীশের অহংকারের জন্যই এনডিএ ছেড়েছি, ফের সরব উপেন্দ্র কুশওয়াহা

পাটনা, ১৯ ডিসেম্বর (হি.স.): সম্প্রতি এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন বিহারের অনগ্রসর নেতা উপেন্দ্র কুশওয়াহা| একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও ইস্তফা দেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা| বিচ্ছেদের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন উপেন্দ্র| কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন, অথচ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষুব্ধ রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওয়াহা| পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধেও| বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, ‘বিজেপি এবং নীতীশ কুমারের অহংকারের কারণেই এনডিএ ছাড়তে বাধ্য হয়েছি আমরা| ভবিষ্যতে অন্যরাও একই ধরনের অহংকারের সম্মুখীন হবে|’ উপেন্দ্র কুশওয়াহা এদিন আরও জানিয়েছেন, ‘যত শীঘ্র সম্ভব লোক জনশক্তি পার্টিও এনডিএ ছেড়ে বেরিয়ে আসবে| অন্যথায়, তাঁরা (বিজেপি) ছোট ছোট দলগুলিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে|’

উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার প্রাক্কালে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন উপেন্দ্র কুশওয়াহা| কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন| তার আগেই এনডিএ ত্যাগ করেন উপেন্দ্র| আক্ষেপের সঙ্গে তিনি জানান, গরিব-নিপীড়িতদের জন্য কাজ করা এই সরকারের অগ্রাধিকার নয়| বিচ্ছেদের দিন নানা বিষয়ে প্রধানমন্ত্রী-সহ বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেন উপেন্দ্র কুশওয়াহা|