দুষ্কৃতী হামলায় আহত ব্যক্তি, চিকিৎসাধীন জিবিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷দুষ্কৃতকারীদের হাতে এক নিরীহ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বর্তমানে জিবি হাসপাতালে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে। হাস্পাতালের ডাক্তার জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির শরীর থেকে বেশ কিছু পরিমাণে রক্ত বেরিয়ে গেছে। তাই আক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
জানা গেছে, শনিবার রাতে কাশীপুর এলাকা থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সাধারণ মানুষ দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান দমকলের কর্মীরা। তাঁরা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে ভরতি করেন।
এদিকে সাধারণ মানুষ জানিয়েছেন, কিছু অপরিচিত লোকজন এই ব্যক্তিকে মারধর করেছিল। তাঁদের ধারণা, আক্রমণকারীরা ছিনতাইবাজ। কারণ আক্রান্ত ব্যাক্তির কাছ থেকে কোনও টাকা পয়সা এবং তাঁর মোবাইল হ্যান্ডসেটও পাওয়া যায়নি৷ তবে কী কারণে এই ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে তা পুলিশ এখনও সঠিকভাবে কিছু বলতে পারছে না। পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছেন তাঁরা। অতিসত্বর ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।