নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷আগরতলা পুরনিগম থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছিল, শহরের রাস্তার পাশে যত্রতত্র হাঁস, মোরগ-সহ প্রাণী কাটা ও বিক্রি করা যাবে না। পুরনিগমের নির্ধারিত বাজারে এই সকল প্রাণী কাটতে ও বিক্রি করতে আগরতলা শহরের বিভিন্ন এলাকার প্রকাশ্য রাস্তায় প্রাণী কেটে বিক্রি করছেন এক শ্রেণির মাংস বিক্রেতা।
রবিবার থেকে এ সব অবৈধ মাংস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আগরতলা পুরনিগম। এদিন পুরনিগমের টাস্ক ফোর্স শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছে এবং যে সকল এলাকায় ব্যবসায়ীরা প্রকাশ্য রাস্তায় মাংস বিক্রি করছেন তাদের মাংসগুলি তুলে নিয়ে যায়।
শহরের উজান অভয়নগর এলাকার শচীন দেববর্মণ সেতুর কাছের খোলা জায়গায় বসে থাকা বিক্রেতাদের মাংসও নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ৪০ জন ব্যবসায়ীর মাংস নিয়ে যান পুর কর্মচারীরা। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা পুরাতন মোটর স্ট্যান্ড এবং জিবি রাস্তা অবরোধ করেন।
তারা দাবি জানান, তাদেরকে ব্যবসার সুযোগ দিতে হবে। রাস্তা অবরোধের খবর শুনে পূর্ব আগরতলা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ মুক্ত করেন তাঁরা।
2018-12-10

