হিমাচলের সিরমৌর জেলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি, মৃত্যু ৩ জনের

শিমলা, ৩ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘অভিশপ্ত’ ওই গাড়ির আরোহী ৩ জন যাত্রী| এছাড়াও দু’জন গুরুতর আহত হয়েছেন| সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সিরমৌর জেলার শিল্লাই এলাকায়| আহতদের উদ্ধার করে পাওন্তা সাহিবের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| তবে, হতাহতরদের প্রত্যেকের বয়স ২৫-৩০ বছরের মধ্যে| তাঁদের বাড়ি দিল্লিতে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে সিরমৌর জেলার শিল্লাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং উদ্ধারকারী দলের কর্মী-আধিকারিকরা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি দু’জন পাওন্তা সাহিবের একটি হাসপাতালে চিকিত্সাধীন| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|