মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বহিঃরাজ্য থেকে ঘরে ফিরছে তেলিয়ামুড়ার যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের হস্তক্ষেপে ঘরে ফিরছে তেলিয়ামুড়ায় অসহায় যুবতী শম্পা চৌধুরী (নাম বদলে দেওয়া হয়েছে)। দালালের খপ্পর থেকে তাঁকে রক্ষা করেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। জানা গেছে, শম্পা চৌধুরী সোমবার কলকাতা থেকে ট্রেনে করে তেলিয়ামুড়ায় পৌঁছবে। শম্পাকে নিয়ে যে তিনজন মহারাষ্ট্র পুলিশ কর্মী নাগপুর থেকে রওয়ানা হয়েছেন তাঁরা তাঁকে তেলিয়ামুড়ায় তাঁর ঘরে পৌঁছে দেবেন। ঘটনার বিবরণে জানা গেছে, প্রায় সাত মাস আগে শম্পা চৌধুরী তামিলনাড়ুতে গিয়েছিলেন একটি কোম্পানিতে কাজ করার উদ্দেশে। প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক চলছিল। আচমকা তাঁর জীবনে নেমে আসে এমন এক বিপদ যা তিনি কল্পনাও করতে পারেনি। তামিলনাডুতে শম্পা যে মহিলার সঙ্গে থাকতেন সেখান থেকে তাঁকে অন্যত্র পাচার করে দেওয়া হয়। তাকে গৃহবন্দি করে ফেলা হয়।
জানা গেছে, তামিলনাডুতে তিনি যে মহিলার সঙ্গে থাকতেন পুলিশ সেই মহিলা এবং তার স্বামীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এমন-কি মধ্যপ্রদেশের যে এলাকায় তাদের বাড়ি পুলিশকে সেখানকার যাবতীয় তথ্যাদি প্রদান করা হয়েছে।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপেই বহিঃরাজ্যে এমন বড় ধরনের বিপদ এবং ক্ষতির হাত থেকে রক্ষা পান শম্পা চৌধুরী। জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নাগপুরের সাংসদ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়িকে টেলিফোনে ঘটনাটি না জানালে হয়ত শম্পার আর কোনও দিনই ঘরে ফিরে আসা সম্ভব হত না।