কর্মস্থলে হেনস্থার প্রতিবাদে অফিস থেকে ওয়াকআউট গুগলের ১৫০ কর্মীর

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : এবার কর্মস্থলে হেনস্থার প্রতিবাদে অফিস থেকে ওয়াকআউট করলেন গুগলের প্রায় ১৫০ কর্মী। বৃহস্পতিবার গুগলের কয়েকশো কর্মী যৌনতা, বর্ণবৈষম্য এবং তাদের কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ক্ষমতা না দেওয়ার অভিযোগে মুম্বাই, হাইদ্রারাবাদ ও গুরগাঁওয়ের অফিসে থেকে ওয়াকআউট করেছেন। মানবসম্পদের সঠিক বিচার এখানে হচ্ছে না বলে অভিযোগ তোলেন তারা।
জানা গিয়েছে, বিক্ষুব্ধ কর্মীরা প্রতিবাদের নাম দিয়েছেন, ‘ওয়াকআউট ফর রিয়্যাল চেঞ্জ।’ গত মাসের শেষে এক মার্কিন দৈনিকে গুগল-এর প্রাক্তন কর্মী ও অ্যানড্রয়েড-এর স্রষ্টা অ্যান্ডি রুবিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, ২০১৪ সালে সংস্থা ছাড়ার সময়ে অ্যান্ডি ৯ কোটি ডলারের প্যাকেজ নিয়ে যান। সেই থেকে বিতর্কের সূত্রপাত। পিচাই সেই সূত্রেই খোলা চিঠি দেন কর্মীদের। অ্যান্ডি প্রসঙ্গে কোনও মন্তব্য না করে তিনি বলেন, গুগল-এ যৌন হেনস্থার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়, যথাযথ তদন্ত হয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থাও নেওয়া হয়।
ওই দৈনিকের প্রতিবেদনের জেরেই বিশ্ব জুড়ে গুগলের কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন বলে সংস্থা সূত্রে খবর। কর্মীরা চাইছেন, যৌন হেনস্থার অভিযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বদল আনা হোক। সিলিকন ভ্যালির কর্মীদের চুক্তিতে সাধারণত লেখা থাকে, ‘সমস্যা মেটাতে হবে সংস্থার অন্দরেই। কোর্ট পর্যন্ত যেন সেটা না গড়ায়।’ গুগল-কর্মীদের এতে আপত্তি আছে। যৌন হেনস্থা বা পক্ষপাতের অভিযোগের ক্ষেত্রে তাঁরা চুক্তির ওই অংশ পাল্টাতে চান যাতে অভিযুক্তের বিরুদ্ধে কোর্টে মামলা করা যায়।