নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ রাজধানী আগরতলায় ফের বড় ধরনের মধুচক্রে হানা দিয়ে ৮ জন যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ মঙ্গলবার ইন্দ্রনগরে একটি বাড়ি থেকে ৫ জন যুবক এবং ৩ জন যুবতীকে পুলিশ আটক করেছে৷
এলাকাবাসীর বক্তব্য, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম হচ্ছে বলে টের পাওয়া গিয়েছিল৷ কিন্তু, হাতেনাতে কোনও প্রমাণ মিলছিল না৷ প্রায়ই রাতের অন্ধকারে গাড়ি করে অনেকেই ওই বাড়িতে আসতেন৷ মফঃস্বলের কয়েকজন উপজাতি যুবতী ওই বাড়িতে ভাড়া থাকতেন৷ মাসখানেক আগে একসাথে কয়েকজন যুবতী ওই বাড়ির কয়েকটি ঘড় ভাড়া নেয়৷ এলাকাবাসীর বক্তব্য, এরপর থেকেই সময় – অসময়ে বহু মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়৷
মঙ্গলবার স্থানীয় প্রমিলা বাহিনী দুপুর ২৩০ মিনিট নাগাদ বাড়িটি চারিদিক দিয়ে ঘেরাও করেন৷ তাঁরা আঁচ পেয়েছিলেন ওই বাড়িতে তখন অসামাজিক কাজকর্ম চলছে৷ ভেতরে ঢুকে হাতে নাতে ৮জনকে আটক করে প্রমিলা বাহিনী৷ খবর দেওয়া হয় এনসিসি থানায়৷ পুলিশ এসে ৫ জন যুবক এবং ৩ জন যুবতীকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ তাদের ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে মদের বোতল এবং নেশা জাতিয় টেবলেট উদ্ধার করেছে পুলিশ৷ স্থানীয় এক ব্যক্তির বক্তব্য, ওই যুবতীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ঘর প্রতি ১০ হাজার টাকা ভাড়া দিতেন তারা৷ তাদের বক্তব্য, ভাড়া বাড়িতে থেকে তারা দূরশিক্ষায় পড়াশোনা করছে৷
এদিনের এই ঘটনা আবারও কৃষ্ণনগর এলাকায় আববা, সাম্বা ও ত্রিং রেস্টুরেন্টে হানা দেওয়ার ঘটনাটি মনে করিয়ে দিয়েছে৷ এদিনের ঘটনায় আরও স্পষ্ট রাজধানী আগরতলার পরিবেশ ক্রমশ কলুষিত হয়ে পড়ছে৷

