ফের নিম্নচাপ : রবি ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ৩ আগস্ট, (হি.স.):আবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ । এর প্রভাবে রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতাসহ উপকূলের জেলা গুলোতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেইসঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৭ আগস্ট পর্যন্ত ।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নাজেহাল শহরবাসী ৷ তবে একেবারে নিস্তার এখনই মিলছে না ৷ শুক্রবার দুপুরের পর থেকে আকাশ অন্ধকার হয়ে আসে ৷ নামে মাঝারি বৃষ্টি ৷আগামী কয়েকদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়াবিদরা জানান, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ৷ গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একুশে জুলাই থেকেই সূর্যের দেখা নেই কলকাতায় । রাজ্যের বিভিন্ন প্রান্তেও আকাশের মুখ ভার । সাধারণত দিনে ৬ থেকে ৯ ঘণ্টা সূর্য থাকে আকাশে । ২১শে জুলাই থেকে দোসরা আগষ্ট পর্যন্ত হাওয়া অফিসের সানসাইন রেকর্ডারে সূর্যের জোরালো উপস্থিতি ধরাই পড়েনি । ২০ জুলাই ৬ ঘণ্টা ২৪ মিনিট দেখা মেলে সূর্যের । ২১ থেকে ২৮ জুলাই সূর্যের উপস্থিতি রেকর্ডই হয়নি । ২৯ জুলাই মাত্র ২৪ মিনিট দেখা গিয়েছিল সূর্য । ৩০ জুলাই সূর্য ছিল ২ ঘণ্টা ৩৬ মিনিট । ৩১ ও ১ আগষ্ট সূর্যের দেখা মেলেনি । একে গভীর নিম্নচাপ। সঙ্গে ঘূর্ণাবর্ত । তায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা । সব মিলিয়েই মেঘের আড়ালে মুখ ঢেকেছে সূর্য । সাম্প্রতিক অতীতে এমন ঘটনা বিরল বলেই মনে করছেন আবহাওয়াবিদরা ।

শনিবারও কলকাতার আকাশ থাকবে প্রধানত মেঘলা । রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । শুক্রবার অবশ্য কলকাতার আকাশ ছিল মেঘলা । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম । সর্বনিম্ন,২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৫ শতাংশ । সর্বনিম্ন,৭৮ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ০ দশমিক ৩ মিলিমিটার ।