নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ দীর্ঘদিন ধরে লেফুঙ্গা ব্লক এলাকায় বিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে বিজেপি এবং আইপিএফটি-র সংঘর্ষ চলছিল। বিএসি চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে সোমবার লেফুঙ্গা ব্লক এলাকায় বনধ-এর ডাক দিয়েছিল
আইপিএফটি। চলতি সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের আশ্বাস পেয়ে লেফুঙ্গা ব্লক এলাকায় অনির্দিষ্টকালের বনধ প্রত্যাহার করে নিয়েছে আইপিএফটি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর কিছুদিন বন্ধ থাকার পর আবার বৃহস্পতিবার থেকে বিএসি চেয়ারম্যান বদলের দাবি নিয়ে সরব হয়েছিল আইপিএফটি। তারা আবার বৃহত্তর আন্দোলনে যাবারও হুঙ্কার দিয়েছিল। গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত লেফুঙ্গা ব্লকে তালা ঝুলিয়েছিল। সে সময় মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সঙ্গে আলোচনার মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার পর ১৩ জুন তালা খুলে দেওয়া হয়। আইপিএফটির স্থানীয় নেতারা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় তাঁরা সন্তুষ্ট। তাই তালা খুলে দেওয়া হয়েছে।

