ম্যানিলা, ২১ মার্চ (হি.স.): ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন যাত্রী| মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৯ জন যাত্রীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে ম্যানিলার দক্ষিণাঞ্চলে ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রদেশে| প্রাদেশিক পুলিশ ডিরেক্টর (সিনিয়র সুপারিনটেনডেন্ট) রোমি এস্তেপা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটেছে ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রদেশে| প্যাট্রিক ব্রিজের রেলিং ভেঙে ১৫ মিটার (৫০ ফুট) নীচে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি (টিওয়াইইউ ৭০৮)| ব্রিজ থেকে ৫০ ফুট নীচ পড়ে যাওয়ায় বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে|দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দলের জওয়ানরা| মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকার্য| উদ্ধারকার্য শেষে ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| আহতদের ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রাদেশিক হাসপাতাল এবং স্যান সেবাস্টিয়ান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| ওক্সিডেন্টাল মিন্ডোরো প্রাদেশিক হেলথ অফিসার জানিয়েছেন, মৃত ১৯ জনের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাসটি, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তাদের অনুমান, বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় অভিশপ্ত বাসটি|

