জিরানীয়ায় মহিলা যাত্রীকে জঙ্গলে ধর্ষণ করে পলাতক অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷মেয়েকে অটোতে বসিয়ে রেখে জঙ্গলে নিয়ে মাকে ধর্ষণ করেছে অটো চালক৷ ঘটনাটি ঘটেছে জিরানিয়া থানার জয়নগর এলাকায়৷ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, জিরানীয়া এসএম কলোনি এলাকার এক গৃহবধূ তাঁর ষোড়শী মেয়েকে নিয়ে ব্লক চৌমুহনী এলাকায় আসেন৷ তাঁদের যাওয়ার কথা ছিল কলা বাগান এলাকায়৷ ব্লক চৌমুহনী এলাকায় এসে তাঁদেরই এক পরিচিত অটো চালক লিটন দাশগুপ্ত (৩২)কে পেয়ে যান৷ তাঁরা লিটনের অটো ভাড়ায় নেন৷ কিছুদূর গিয়ে অটোটি জয়নগর এলাকার রেল লাইনের কাছে দাঁড় করায় চালক লিটন৷ সেখানে মেয়েকে অটোতে বসিয়ে লিটন মিথ্যা কথা বলে মাকে নিয়ে জঙ্গলের দিকে যায়৷ জঙ্গলে গিয়ে সে মহিলাকে জোর করে নেশাজাতীয় কিছু খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এ দিকে দীর্ঘক্ষণ মা আসছে না দেখে যে পথে মাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে মেয়েটিও সেদিকে এগিয়ে যায়৷ কিছু দূর গিয়ে সে মাকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে৷ এলাকাবাসীরা ছুটে এলে লিটন দৌড়ে পালিয়ে যায়৷ এ সময় এই রাস্তা দিয়ে টিএসআর দ্বিতীয় বাহিনীর একটি দল টহল দিচ্ছিল৷ তাঁরা বিষয়টি জানার পর জঙ্গল থেকে মা -মেয়েকে উদ্ধার করে জিরানীয়া থানার নিয়ে আসে৷ থানায় নিয়ে আসার কিছুক্ষণ পর মহিলার সংজ্ঞা ফিরলে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে জিরানীয়া থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিন্তু মূল অভিযুক্ত এখনও পলাতক৷