ধনপুরে বাবা লোকনাথের মূর্তির মাথা কেটে দিল দুসৃকতিকারীরা, এলাকায় উত্তেজনা, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী ক্ষেত্র ধনপুরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে৷ ধনপুরের বাঁশপুকুর এলাকাতে বাবা লোকনাথ মন্দিরে হানা দিয়ে অজ্ঞাত পরিচয় দুসৃকতীরা বাবা লোকনাথের মূর্তির মাথা কেটে দিয়েছে৷
এলাকায় বিশাল সংখ্যক পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানা মোতায়েন করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে কিংবা আজ ভোরে অজ্ঞাতপরিচয় দুসৃকতীরা বাবা লোকনাথ মন্দিরে হানা দিয়ে মূর্তির মুন্ডুচ্ছেদ করে৷ পুলিশ এই ব্যাপারে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে৷ আনা হয়েছে ডগ স্কোয়াড৷
মন্দিরটি এলাকার জনগণের মিলনস্থল হিসাবে পরিচিত৷ প্রতিবছর এখানে মেলা বসে৷ বাবা লোকনাথের মূর্তির মাথা কেটে ফেলার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে ‘হিন্দু নাগরিক সমাজ’ সোনামুড়া বিলোনীয়া পথ অবরোধ করেছে৷ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷
এদিন, সকালে প্রথমে স্থানীয় জনগণ দেখতে পান বাবা লোকনাথের মূর্তি মুন্ডুচ্ছেদ করা অবস্থায়৷ সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন ছুটে যায়৷ মুহুর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কাতারে কাতারে লোক সেখানে শামিল হতে থাকে৷ উত্তেজনাও ছড়ায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে যাত্রাপুর থানার ওসি পরিতোষ দাস সহ বিশাল টিএসআর বাহিনী৷ একজোট জনগণ সেখানে পথ অবরোধ আন্দোলনে নামে৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে অবরোধ প্রত্যাহার করার জন্য অনুরোধ জানানো হয়৷ কিন্তু, তাতে কোন কাজ হয়নি৷ দাবী উঠেছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে৷ পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷