News Flash

  • Home
  • Uncategorized
  • আতংকিত হবার কিছু নেই বলল খাদ্য দপ্তর, জাতীয় সড়ক স্বাভাবিক হতে কমপক্ষে আরও দশদিন ঃ পূর্তমন্ত্রী
Image

আতংকিত হবার কিছু নেই বলল খাদ্য দপ্তর, জাতীয় সড়ক স্বাভাবিক হতে কমপক্ষে আরও দশদিন ঃ পূর্তমন্ত্রী

BADAL CHOUDHURY TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ এতদিন আসাম সরকার লোয়ারপোয়া সংস্কারের প্রয়োজন মনে করেনি৷ সেই কারণেই ত্রিপুরা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ জাতীয় সড়ক সংস্কার না হওয়ায় নানা দিক দিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্যকে৷ শুক্রবার মহাকরণে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী লোয়ারপোয়া নিয়ে আসাম সরকারের অসৌজন্যতায় ক্ষোভে ফেটে পড়েন৷ তিনি স্পষ্ট বলেন, জাতীয় সড়কের এই অংশটির কোন প্রয়োজন আসামের না থাকলেও আমাদের জন্য অত্যাবশ্যক৷ এই জন্যই বারবার কেন্দ্রীয় সরকার এবং আসম সরকারের দৃষ্টিতে বিষয়টি নেওয়া হয়েছে৷ অবশেষে জরুরী ভিত্তিতে ২০৮ এ জাতীয় সড়কের সংস্কারের জন্য কেন্দ্রীয় ভূতল পরিবহণ মহাসড়ক মন্ত্রক এনএইচআইডিসিএল-কে নির্দেশ দিয়েছে৷ শনিবার এনএইচআইডিসিএল’র মুখ্য বাস্তুকার শ্রীবাস্তব এবং রাজ্যের জাতীয় সড়কের মুখ্য বাস্তুকার দীপক দাস ২০৮ এ জাতীয় সড়কের পর্যবেক্ষণ করবেন৷ এরপরই নির্মাণ সংস্থা নিয়োগ করা হবে৷ সাত-দশ দিনের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন হতে পারে বলে এদিন পূর্তমন্ত্রী আশা প্রকাশ করেছেন৷
৪৪ নং এবং ২০৮ এ নং জাতীয় সড়কের দুরব্যস্থার কারণে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহ সরবরাহের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হলেও এখনই আতংকিত হবার কিছু নেই৷ খাদ্য দপ্তর এবং এফ সি আই কর্তৃক চালের বাফার স্টক রাখার ফলে গণবন্টন ব্যবস্থায় চালের যোগান অক্ষুন্ন রাখার ক্ষেত্রে এখন পর্যন্ত কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি৷ বর্তমানে রাজ্যে ৫৫ দিনের জন্য প্রয়োজনীয় চাল (৫৪,৭৫৬ মে,টন) খাদ্য গুদামগুলিতে মজুত আছে৷ প্রশাসন কর্তৃক বিশেষ পদক্ষেপ গ্রহণের ফলে প্রতিদিনই কিছু কিছু পেট্রোপণ্যবাহী ট্রাক রাজ্যে অগ্রাধিকারের ভিত্তিতে প্রবেশ করছে৷ যার ফলে, দৈনিক যোগান সম্পূর্ণ স্বাভাবিক করা না গেলেও এখনো অস্বাভাবিক কোন সঙ্কটের মুখোমুখি হতে হয়নি৷ রাজ্যে পেট্রোজাত পণ্যের দৈনিক চাহিদা হচ্ছে পেট্রোল ১৫-১৬ ট্রাক (১৯০-২০০ কিলি,) এবং ডিজেল -৩২ ট্রাক (৩৯০-৪০০ কিলি,)৷ জুন মাসে দৈনিক গড়ে ১২ ট্রাক লোড পেট্রোল এবং ১৯ ট্রাক লোড ডিজেল সরবরাহ করা সম্ভব হয়েছে৷ আজ সব মিলিয়ে ২২ ট্রাক পেট্রোল এবং ২৮ ট্রাক ডিজেল রাজ্যে এসে পৌঁছেছে৷ আগামী দিনগুলিতেও অগ্রাধিকারের ভিত্তিতে পেট্রোল এবং ডিজেলের যোগান অক্ষুন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ আজ সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী জাতীয় সড়কের দুরবস্থার কারণে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গিয়ে এতথ্য জানান৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা দেবাশিস বসু জানান, আজ বিশালগড়ে এল পি জি সিলিন্ডারের পুরো মাত্রায় বটলিং হয়েছে৷ আগামীকালও উৎপাদন হবে৷ বর্তমানে প্রায় ৭০টি বুলেট রাজ্যে আসার অপেক্ষায় রয়েছে এবং এগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বটলিং প্ল্যান্টে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে এল পি জি সিলিন্ডারের মাসিক চাহিদা হচ্ছে ২৪৪ লক্ষ৷ গত কয়েক মাস গড়ে ২১০ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হলেও জুম মাসে যোগাযোগ ব্যবস্থা প্রতিকূলতার জন্য ১৬১ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা সম্ভব হয়েছে৷ আই ও সি-র কার্যনির্র্বহী অধিকর্তা দীপঙ্কর রায় আজ দুই দিনের রাজ্য সফরে এসেছেন৷ খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহার সঙ্গে তার বৈঠক হয়েছে৷ বিকল্প পথ দিয়ে পেট্রোপণ্য ও জ্বালানী গ্যাস আনার ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে৷ এদিকে, উদ্ভুত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সভাপতিত্বে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, মুখ্যসচিব, পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধান সচিব, পরিবহণ দপ্তরের সচিব এবং খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন৷ বৈঠকে জানানো হয়, ৪৪ নং জাতীয় সড়কে ২৮ এবং ২৯ জুন যানবাহন চলাচল না করলেও জরুরী ভিত্তিতে মেরামতির দরুণ ৩০ জুন ফের গাড়ী চলাচল শুরু হয়৷ এই দিনই এই সড়ক দিয়ে ৩০০-র উপর গাড়ী চলাচল করে৷ এখন যানবাহন চলাচল অব্যাহত রয়েছে৷ একই রকম ভাবে ২৯ জুন ২০৮ এ জাতীয় সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল৷ ৩০ জুন সন্ধ্যার পর এই সড়ক ফের চালু হয় এবং ২০০র মতো গাড়ী ত্রিপুরায় প্রবেশ করে৷ মেরামতির কাজ অব্যাহত থাকায় যানবাহন চলাচল বজায় রয়েছে৷
সাংবাদিক সম্মেলনে পূর্তমন্ত্রী বাদল চৌধুরী জানান, জাতীয় সড়কের অবস্থা এখনও খুবই করুণ৷ তাই পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে৷ মুখ্যসচিব এবং পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধান সচিব সড়ক ও পরিবহণ, জাতীয় সড়ক মন্ত্রকের সচিব, এন এইচ আই ডি সি এল র এম ডি এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক, আসাম সরকারের মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব, পূর্ত দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন৷ গতকাল রাজ্যের পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর সঙ্গে আসামের পূর্তমন্ত্রীরও টেলিফোনে কথা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আসাম সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে৷ ত্রিপুরার পক্ষ থেকেও সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়েছে৷ এই লক্ষ্যে পূর্ত দপ্তরের জাতীয় সড়কের ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনীয়ার এখন ধর্মনগরে ক্যাম্প করে রয়েছেন৷ পূর্তমন্ত্রী জানান, সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক জাতীয় সড়কের এই বিপর্যস্ত অংশ জরুরী ভিত্তিতে মেরামত করা জন্য এন এইচ আই ডি সি এলকে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে৷ তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় সবাই একসঙ্গে উদ্যোগ নেয়ায় আমরা আশাবাদী৷ খুব সহসাই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের প্রধান সচিব লোকরঞ্জনও বক্তব্য রাখেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top