নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ চুরি করতে এসে ৭৩ দিন পর নিজ বাড়িতে ফিরে গেল দুই বাংলাদেশী নাবালক৷ বিএসএফের পক্ষ থেকে দুই বাংলাদেশী নাবালককে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঐ দুই নাবালক অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছিল৷ এই দুই নাবালক হল মহম্মদ নয়ন হুসেন (১১) এবং মহম্মদ শুভ মিয়া (১০)৷ তাদের বাড়ি বাংলাদেশ ফেনী জেলার পরশুরাম এলাকায়৷ তারা গত ৩রা এপ্রিত বিলোনীয়া সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিল৷ অভিভাবকরা তাদের নিখঁুজ সংক্রান্ত তথ্য বিজিবির মজুমদারহাট ক্যাম্পে জানায়৷ পরবর্তী সময়ে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএসফের সাথে৷ বিএসএফ খোঁজ খবর নিয়ে জানতে পারেন বিলোনীয়া থানার পুলিশ ঐ দুই নাবালককে গ্রেপ্তার করে জুভেইনাল আদালতে সোপর্দ করে৷ তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল৷ আদালত তাদের আগরতলায় জুভেইনাল হোমে রাখার নির্দেশ দিয়েছিল৷ সেই মোতাবেক পুলিশ ঐ দুই নাবালককে জুভেইনাল হোমে পাঠানোর ব্যবস্থা করে৷ পরদিন বিজিবির চার নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডার লেফটেনেন্ট শামিম ইফতাখার বিএসএফ ১৮৬ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ব্রিজেশ কুমার এবং ডেপুটি কমান্ডেন্ট নিরাজ কুমারের সাথে ফ্ল্যাগ মিটিং করেন৷ পরে ১২ এপ্রিল বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার গাজি আহসানুজ্জামান বিএসএফের গকুলনগর সেক্টর কমান্ডার বিএস তুলিয়ার সাথে টেলিফোনে কথা বলেন৷ পরপর ফ্ল্যাগ মিটিং এবং টেলিফোনে কথাবার্তার পর পুলিশের পক্ষ থেখে ঐ দুই নাবালককে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ এবং বিজিবির আধিকারীকদের উপস্থিতিতে৷ বাংলাদেশ পুলিস ঐ দুই নাবালককে তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়েছে৷ চুরি করতে এসে ৭৩ দিন নিজ বাড়িতে ফিরে গেল দুই বাংলাদেশী নাবালক৷
2016-06-17

