উচ্চাভিলাষী ব্লকের উন্নয়নে একাধিক সিদ্ধান্ত মন্ত্রিসভায়

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় উচ্চাভিলাষী ব্লকগুলির উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ কার্যকর করার বিষয়ে বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা৷ রাজ্যের মোট ১২টি ব্লককে উচ্চাভিলাষী ব্লক হিসেবে চিহ্ণিত করা হয়েছে আগেই৷ সেগুলি হল ছাওমনু, ডম্বুরনগর, রইশ্যাবাড়ি, দামছড়া, দসদা, করবুক, শিলাছড়ি, মুঙ্গিয়াকামি, রূপাইছড়ি, তুলাশিখর, অম্পি এবং গঙ্গানগর৷


কেন্দ্রীয় সরকার যেভাবে উচ্চাভিলাষী জেলার উন্নয়নে পৃথক কর্মসূচি নিয়ে কাজ করে সেই মডেল অনুসরণ করেই ত্রিপুরায় উচ্চাভিলাষী ব্লক চিহ্ণিতকরণের কাজ করা হয়েছে৷ সংশ্লিষ্ট জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত ব্লকের সার্বিক উন্নয়নের জন্য অ্যাকশন প্ল্যান প্রস্তুত এবং তা বাস্তবায়িত করতে হবে৷ সেই কাজ সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় তার জন্য প্রতি ব্লকে একজন করে প্রভারী আধিকারিক নিয়োগ করা হবে৷


ইতিপূর্বে ছয়টি সূচকের উপর ভিত্তি করে উচ্চাভিলাষী ব্লকের উন্নয়নের কার্যধারা সম্পাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এদিন মন্ত্রিসভার বৈঠকে সেই সূচকের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে৷ মোট নয়টি সূচকের উপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ করা হবে৷ সেই সূচকগুলি হল স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্যচাষ, প্রাণীসম্পদের বিকাশ, গ্রামোন্নয়ন, গ্রামীণ এলাকায় পানীয় জলের বন্দোবস্ত ও বিদ্যুতায়ন, সামাজিক সুরক্ষা এবং তথ্য ও প্রযুক্তি৷ মূলত, সব দিকের বিকাশের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে দাবি ত্রিপুরা প্রশাসনের৷