News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন, চরমে বিজেপি বিধায়ক ও জেলাশাসকের তরজা
Image

কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন, চরমে বিজেপি বিধায়ক ও জেলাশাসকের তরজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন নিয়ে ত্রিপুরায় জেলা প্রশাসন এবং বিজেপি বিধায়কের মধ্যে তরজার লড়াই চরমে পৌঁছেছে৷ একদিকে সুদীপ বর্মণ জেলা শাসকের নির্দেশ মানতে নারাজ এবং এই নির্দেশের পেছনে কায়েমী স্বার্থ জড়িত বলে দাবি করেছেন৷ অন্যদিকে, জেলা শাসক বলেছেন, সরকারী নিয়ম অনুযায়ী কোভিড কেয়ার সেন্টারে যাওয়ার পর করোনা সংক্রমণের আশঙ্কা থাকছে৷ তাই বিধায়ককে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ পিপিই কিট পরলেও করোনা আক্রান্তের অতি সংস্পর্শে যাওয়ায় বিজেপি বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে যাওয়ার নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক৷


জেলা শাসকের নির্দেশের জবাবে বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেছেন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক আধিকারিকদের অবগত করেই কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেছি৷ অথচ, অতীতে এমনই করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়েছেন, এমন-কি সংক্রমিতদের বাড়িতে আইসোলেশনে রাখার ব্যবস্থা হয়েছে৷ এক্ষেত্রে, কায়েমী স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে করোনা আক্রান্তের সংস্পর্শে পাঠিয়ে তাঁকে সংক্রমিত করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷
জেলা শাসক সোমবার সন্ধ্যায় বলেছেন, বিধায়ক শনিবার ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে এক ঘন্টার মতো সময় অতিবাহিত করেছেন৷ সেখানে করোনা আক্রান্ত রোগীদের সাথে কথা বলেছেন৷ এইসব বিষয়গুলি কোভিড কেয়ার সেন্টারের সিসিটিভি ফুটেজে রয়েছে৷ সরকারী নিয়ম অনুযায়ী ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা যারাই কোভিড কেয়ার সেন্টারে যাতায়াত করেন তাদের জন্য পৃথক নিয়ম নীতি রয়েছে৷ এক্ষেত্রে বিধায়ক সুদীপ রায় বর্মন তো আর ডাক্তার নন৷ তিনি সেখানে গিয়েছেন কিভাবে, এবং কার অনুমতি নিয়ে গিয়েছেন সেটিও স্পষ্ট নয়৷ যেহেতু তিনি সেখানে গিয়েছেন এবং পিপিই কিট পরে প্রায় একঘন্টা অবস্থান করেছেন৷ তাছাড়া সঠিক পদ্ধতি অবলম্বন করে তিনি পিপিই কিট খুলেছেন কিনা সেটিও প্রশ্ণের মুখে৷ এইসমস্ত বিষয়গুলিকে বিবেচনা করেই তাঁকে এ ডি নগর আরএসটিআই-এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সাতদিন এবং বাড়িতে কোয়ারেন্টাইনে সাত দিন থাকার নির্দেশনামা জারি করা হয়েছে৷

জেলা শাসক আরও জানিয়েছেন, আরএসটিআই সেন্টারে কোন করোনা রোগী নেই৷ সেখানে রাখা হয়েছে মূলতঃ যারা করোনা মুক্ত হয়েছেন৷ তাছাড়া বাংলাদেশের কয়েকজনকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাদের কেউই করোনা আক্রান্ত নন৷ কোয়ারেন্টাইনে থাকাকালীন অবস্থায় বিধায়ক সুদীপ রায় বর্মনের কোভিড-১৯ পরীক্ষা করা হবে৷ তাতে যদি পজেটিভ আসে তাহলে তাঁকে পরবর্তী সময়ে কোভিড কেয়ার সেন্টারে নেয়া হবে৷ কোনও ভাবেই গুলিয়ে ফেলা ঠিক হবে না কোভিড কেয়ার সেন্টার এবং কোয়ারেন্টাইন সেন্টার এক৷ তাই বিধায়ককে হোম কোয়ারেন্টাইনে যাওয়া উচিত বলে জেলা শাসক সোমবার সন্ধ্যায় জানিয়েছেন৷


প্রসঙ্গত, শনিবার সোশ্যাল মিডিয়ায় এক গর্ভবতী মহিলার ভিডিও ভাইরাল হওয়ার পর বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ রবিবার সকালে ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টার পরিদর্শনে যান৷ পড়ে পশ্চিম জেলার জেলাশাসক বিধায়ক সুদীপ রায়বর্মণকে সাতদিন প্রাতিষ্ঠানিক এবং সাতদিন গৃহে একান্তবাসে থাকার জন্য পরামর্শ দিয়েছেন৷ ৩ আগস্ট থেকে তাঁকে এডি নগর আরএসটিআই সেন্টারে একান্তবাসে যেতে বলেছেন জেলাশাসক৷ ভগৎ সিং যুব আবাস কোভিড সেন্টারটি পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেন, কিছু দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক এবং কর্মীদের গাফিলতির কারণেই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে৷
রবিবার রাতে জেলাশাসক এক নির্দেশ জারি করে বিধায়ক সুদীপ রায়বর্মণকে একান্তবাসে যাওয়ার নির্দেশ দিয়ে সহযোগিতার আশা প্রকাশ করেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এক আদেশে বলেছেন, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে করোনা আক্রান্তের অতি সংস্পর্শে গিয়েছেন বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ তাই, স্বাস্থ্যবিধি মেনে এডি নগর আরএসটিআই সেন্টারে ৭ দিনের প্রাতিষ্ঠানিক একান্তবাসে এবং ৭ দিন গৃহে একান্তবাসে থাকতে হবে বিধায়ককে৷


পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের ওই আদেশনামা পাননি বলে দাবি করেছেন বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ তবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওই আদেশনামা ছড়িয়ে পড়ায় বিষয়টি তাঁর নজরে এসেছে৷ তাই তিনি জবাবে পশ্চিম ত্রিপুরার জেলাশাসককে চিঠি-তে বলেন, ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের বিষয়টি স্বাস্থ্য অধিকর্তা এবং জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার অবগত রয়েছেন৷ তাছাড়া, চিকিৎসকদের নজরদারিতে পিপিই কিট পরে দূরত্ব বজায় রেখে করোনা আক্রান্তদের সাথে কথা বলেছি৷ তিনি বলেন, অতীতে এমন অনেকেই করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়েছেন, তাঁদের তালিকা উল্লেখ করে সুদীপবাবুর দাবি, একাংশের ক্ষেত্রে হোম আইসোলেশন প্রযুজ্য৷ অথচ, আমাকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানোর নির্দেশ জারি হয়েছে৷ তাঁকে করোনা সংক্রমিত করার কায়েমী স্বার্থের উদ্দেশ্য কাজ করছে দাবি করে তিনি বলেন, চিকিৎসকরা তাকে করোনা আক্রান্ত ঘোষণা না করলে একান্তবাসে যাবেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top