নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর ৷৷ শ্রমজীবীদের মজুরি বৃদ্ধি, বোনাস, অনুদান, টুয়েপের কাজ প্রদান সহ ৬ দফা দাবিতে সিআইটিইউ’র পক্ষ থেকে বুধবার রাজ্য শ্রম কার্যালয়ে শ্রম আধিকারিকের কাছে গণ-ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করা হয়৷ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আন্দোলনে, শ্রমজীবী অংশের মানুষকে ঐক্যবদ্ধ গণ -আন্দোলনে শামিল হবার ডাক দিয়েছে সিট্যু৷

সংগঠনের উদ্যোগে, শারদোৎসবের প্রাক্কালে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয় নিয়ে, বুধবার আগরতলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম আধিকারিকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়৷ সেখান থেকে প্রাক্তন সাংসদ, তথা সিট্যুর রাজ্য নেতা শঙ্কর প্রসাদ দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল শ্রম আধিকারিকের কার্যালয়ে, শ্রম আধিকারিকের কাছে ডেপুটেশান ও ৬ দফা দাবিসনদ তুলে দেন৷
এ উপলক্ষ্যে আয়োজিত জমায়েতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিট্যু নেতা শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শ্রমক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিয়েছে, সেইসব সমস্যা সমাধানের লক্ষ্যে শ্রম দপ্তরের কমিশনারের কাছে গণ-ডেপুটেশান প্রদান করা হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেইসব সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়িত করছে না৷ চা শ্রমিকদের জন্য ১৭৬ টাকা মজুরি চূড়ান্ত হয়েছিল৷ এটাকে কার্যকর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না৷ নির্মাণ শ্রমিকদের জন্য একটি ওয়েলফেয়ার বোর্ড রয়েছে৷ সেখানে প্রচুর টাকা সঞ্চিত রয়েছে৷ সেখান থেকে শ্রমিক পরিবার গুলি সাহায্য পাচ্ছে না৷ রাজ্যে শ্রমিক ছাঁটাই চলছে বলেও তিনি অভিযোগ করেন৷ রাজ্য সরকার নানাভাবে কর চাপাচ্ছে৷ হাসপাতালে চিকিৎসা কর চাপানো হচ্ছে৷ মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে বলেও সিট্যু নেতা অভিযোগ এনেছেন৷
ডেপুটেশনে প্রদেয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – চরম শ্রম স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার কর্তৃক শ্রম আইন সংশোধনী বাতিল করতে হবে৷ মূল্যবৃদ্ধির সাথে সাজুয্য রেখে বর্ধিত হারে পূজা বোনাস-এক্সগ্রেসিয়া শারদোৎসবের ১৫দিন আগে মিটিয়ে দেবার ব্যবস্থা করতে হবে৷ মূল্যবৃদ্ধির সাথে সাজুয্য রেখে নূ্যনতম মজুরি পুননির্ধারণ করতে হবে৷ ৬মাস অন্তর ভিডিএ’র বৃদ্ধি ঘোষণা করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ ছাঁটাইকৃত শ্রমিক/কর্মচারীদের পুনর্বহাল করতে হবে৷
চা শ্রমিকদের বর্ধিত মজুরি কার্যকরী করতে হবে৷ রিক্সা, বিড়ি ও নির্মাণ শ্রমিক প্রকল্পের ঘোষিত সামাজিক নিরাপত্তামূলক স্বাস্থ্য পরিষেবা ও আর্থিক সাহায্য নিয়ে তালবাহানা বন্ধ করতে হবে৷ রেগা ও টুয়েপে ৩৪০ টাকা মজুরি দিতে হবে৷ সকল প্রকার বর্ধিত কর প্রত্যাহার করতে হবে৷ হাসপাতালে অমানবিক কর চাপানো বন্ধ কর৷ বিনা চিকিৎসায় মৃত পরেশ মোদকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি কাজের ব্যবস্থা করতে হবে৷ সামাজিক ভাতা ২০০০ টাকা করতে হবে৷

