News Flash

  • Home
  • Uncategorized
  • বাম জমানায় তফশিলি জাতি কল্যাণে বরাদ্দ প্রচুর টাকা অব্যয়িত
Image

বাম জমানায় তফশিলি জাতি কল্যাণে বরাদ্দ প্রচুর টাকা অব্যয়িত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ বাম জমানায় ত্রিপুরায় তফশিলি জাতি কল্যাণে প্রচুর টাকা অব্যয়িত রয়েছে৷ শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় অন্তর্ভক্তির জন্যও তদ্বির করেনি পূর্বতন বামফ্রন্ট সরকার৷ তবে, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ৩১টি পঞ্চায়েত ওই যোজনায় অন্তর্ভুক্ত হয়েছে৷ অনেক আগেই দ্বিতীয় দফার সূচি ঘোষণা হয়ে গেলেও মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের লাগাতার দরবারে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে ওই যোজনায় এখন অন্তর্ভুক্ত করেছে৷ এদিকে, তফশিলি জাতি কল্যাণে অব্যয়িত টাকা এখন খরচ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ২০১৪-১৫ অর্থ বছরে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা শুরু হয়েছিল৷ প্রথম দফায় ১১টি রাজ্যের ১,৫০০ পঞ্চায়েত ওই যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল৷ কিন্তু, তখন ত্রিপুরা ওই যোজনায় অন্তর্ভুক্ত হয়নি৷ তিনি আরও জানান, ২০১৭-১৮ অর্থবছরে দ্বিতীয় দফায় ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪,৪০০টি পঞ্চায়েত ওই যোজনায় অন্তর্ভুক্ত হয়৷ কিন্তু দ্বিতীয় দফায়ও ত্রিপুরা ওই যোজনার অন্তর্ভুক্ত হয়নি৷ তবে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার ত্রিপুরাকে ওই যোজনায় অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রের সাথে লাগাতার দরবার করেন৷ ফলে, গত ৫ নভেম্বর কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানিয়েছে, আদর্শ গ্রাম যোজনায় ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাতে, ত্রিপুরার ৩১টি পঞ্চায়েত বাছাই হয়েছে৷ তিনি বলেন, ইতিমধ্যে প্রথম ধাপে ৩ কোটি ২২ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার ওই যোজনায় ত্রিপুরাকে বরাদ্দ করেছে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ৫০ শতাংশের অধিক তফশিলি জাতি জনসংখ্যার পঞ্চায়েতগুলিকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ মূলত, তফশিলি জাতির আর্থ, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষ্টি, সংসৃকতির উন্নয়নে ওই যোজনা এনেছে কেন্দ্রীয় সরকার৷ শিক্ষামন্ত্রীর কথায়, তফশিলি জাতি এবং অ-তফশিলি জাতির বিভিন্ন ক্ষেত্রে অসমতা কাটিয়ে তোলাই এই যোজনার অন্যতম লক্ষ্য৷ সে-ক্ষেত্রে ওই পঞ্চায়েতগুলির উন্নয়নে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে৷

শিক্ষামন্ত্রীর দাবি, তফশিলি জাতিভুক্ত সমস্ত মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, জীবন-জীবিকা সুনিশ্চিত করার সাথে অপুষ্টি দূর করা, শিশুমৃত্যুর হার কমানো, গ্রামীণ রাস্তা নির্মাণ, বিদ্যুতায়ন, কৃষি, দক্ষতা বিকাশ এবং অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ তাঁর কথায়, তফশিলি জাতি অংশের মানুষের সার্বিক উন্নয়ন কেন্দ্রীয় সরকারের প্রাথমিক উদ্দেশ্য, তা এই যোজনার মাধ্যমে প্রমাণিত হয়েছে৷

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা ত্রিপুরায় বাস্তবায়নে ইতিমধ্যে তিন ধরনের কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্য ভিত্তিক কমিটি, স্টিয়ারিং কমিটি এবং প্রধামন্ত্রী আদর্শ গ্রাম যোজনা কমিটি৷ তাঁর কথায়, রাজ্যভিত্তিক কমিটিতে আরও তিনটি সাব-কমিটি গঠন করা হয়েছে৷ তাতে, এই যোজনা সঠিকভাবে বাস্তবায়নে সহজ হবে৷

তবে, এই যোজনা ছাড়াও কেন্দ্রীয় সরকার তফশিলি জাতির উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে, তা বাম জমানার তফশিলি জাতি কল্যাণে বরাদ্দ অর্থের পরিমাণ থেকে আবারও প্রমাণিত হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় ৪০ শতাংশ তফশিলি জাতি জনসংখ্যার ১৬৮টি পঞ্চায়েত এবং ২০ শতাংশ জনসংখ্যার ২৩৬টি পঞ্চায়েত রয়েছে৷ তাঁদের উন্নয়নে সাব-প্ল্যানে প্রচুর টাকা বরাদ্দ হয়েছে, অথচ বাম জমানায় সেই টাকা খরচই হয়নি, আক্ষেপের সুরে বলেন তিনি৷ শিক্ষামন্ত্রী জানান, তফশিলি জাতি কল্যাণে বিশেষ কেন্দ্রীয় সহায়তা বাবদ সাব-প্ল্যানে ২০১৪-১৫ অর্থবছরে ১৫ কোটি ৩৭ লক্ষ টাকা ত্রিপুরার জন্য বরাদ্দ হয়েছিল৷ অথচ, খরচ হয়েছে মাত্র ৭ কোটি ১৯ লক্ষ টাকা ৷ তেমনি, ২০১৬-১৭ অর্থবছরে ১৭ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল এবং তৎকালীন বামফ্রন্ট সরকার খরচ করেছে ১৪ কোটি ৩৫ লক্ষ টাকা ৷ একইভাবে, ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ ২৬ কোটি ৩৫ লক্ষ টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ৪ কোটি ১৯ লক্ষ টাকা ৷ স্বাভাবিকভাবেই ওই টাকা এখন তফশিলি উন্নয়ন খাতে খরচ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top