বিশালগড়, ২৬ মার্চ : একাধিক গুলিকান্ডকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিনব প্রতিবাদে সামিল হল সিপিআই(এম)। খেলনা পুতুলকে প্রতীক হিসেবে ব্যবহার করে আজ সকালে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন দলের কর্মী-সমর্থকরা।
সকাল প্রায় ৯টা নাগাদ সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হয়। স্মারকলিপিতে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে তাদের ‘পুতুল’ বলে কটাক্ষ করা হয় এবং প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় বলে অভিযোগ তোলা হয়।
সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিমা মজুমদারের অভিযোগ, বিশালগড় বর্তমানে অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, রাজনৈতিক হামলা, মাদক কারবার ও দিবালোকে ডাকাতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাজার সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, ২০১৮ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই শাসক জোটের মদতে এলাকায় সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে। তাদের অভিযোগ, এই সময়ে দুইজন কর্মী খুন হয়েছেন, ৫০০-র বেশি নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন এবং বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এমনকি দলীয় কার্যালয়ও একাধিকবার হামলার শিকার হয়েছে।
সিপিআই(এম)-এর দাবি, বারবার পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিশালগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অবৈধ অস্ত্র, লুটপাট, সন্ত্রাস, রাজনৈতিক হামলা, মাদক কারবার ও খুন যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষ শান্তি ও গণতন্ত্র ফিরে পেতে চান।

