ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪৬ হাজার ১৪৩ জন: জেলা নির্বাচন আধিকারিক

আগরতলা, ১৭ মার্চ: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ৪৬, ১৪৩ জন। আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দ্রন জেলাশাসক কার্যালয়ে আহুত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান। জেলাশাসক আরও বলেন, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটার রয়েছে ২৩,৭৬৩ জন, পুরুষ ভোটার রয়েছে ২২,৩৮০ জন। উপনির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত করে জেলাশাসক জানান, এই কেন্দ্রে মোট ৫৫টি ভোটকেন্দ্র রয়েছে। তারমধ্যে আরবান এলাকায় মোট ভোটকেন্দ্র ৩২টি, রুরাল এলাকায় রয়েছে ২৩টি ভোটকেন্দ্র। মোট ১২ জন সেক্টর সিভিল অফিসার রয়েছেন। এর মধ্যে চারজন রিজার্ভে রয়েছেন। ৮৫ বছরের বেশি বয়স্ক ভোটার রয়েছেন ২৫৮ জন। জেলাশাসক আরও জানান, ১১টি ভোটকেন্দ্র মহিলা ভোটকর্মীদের দিয়ে পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের উপনির্বাচনে গ্রিন প্রোটোকল বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ফ্ল্যাক্স-এর পরিবর্তে কাপড় ব্যবহার করা হবে। এছাড়াও জেলাশাসক জানান, জেলায় ডিস্ট্রিক্ট কমপ্লেন সেল অ্যাক্টিভ রয়েছে। এর টোল ফ্রি নম্বর হলো ১৯৫০, যেখানে ফোন করে অভিযোগ জানানো যাবে। জেলাশাসক আরও বলেন, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৬। মনোনয়ন জমা করার শেষ দিন হলো ২৩ মার্চ, ২০২৬। মনোনয়ন স্ক্রুটিনি করা হবে ২৪ মার্চ, ২০২৬। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৬ মার্চ, ২০২৬ এর মধ্যে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে, ২০২৬।

সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার বলেন, ইতিমধ্যেই নিরাপত্তা কর্মীরা জেলায় আসতে শুরু করছেন। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স ও ইতিমধ্যেই এসে পৌঁছেছে। এরিয়া ডোমিনেশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে। উপনির্বাচনে নিরাপদ বাতাবরণ তৈরি করা হবে। তিনি আরও বলেন, ৮ জন পুলিশ সেক্টর অফিসার ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ৬টি নাকা পয়েন্টেও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার (৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্র) দেবযানী চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, অতিরিক্ত জেলাশাসক এল, ডার্লং প্রমুখ

Leave a Reply