লালজুরিতে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমডিসি স্বপ্না রানী দাস

আগরতলা, ১৭ মার্চ: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার লালজুরি ব্লকের জয়শ্রী ও নবজয়পাড়া এলাকায় গত দুদিন আগে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু বাড়িঘর ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, বিশেষ করে জয়শ্রী এলাকায় প্রায় ৬০টি বাড়ি ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টির তীব্র আঘাতে অধিকাংশ বাড়ির টিনের চাল ঝাঁঝরা হয়ে যায়। পাশাপাশি কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কৃষকরা।

মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মাছমারা ২নং কেন্দ্রের বিজেপি নির্বাচিত এমডিসি স্বপ্না রানী দাস। তিনি বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্বপ্না রানী দাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে জানান, সরকারি ভাবে আর্থিক সহায়তা পাওয়ার জন্য সবরকম সহযোগিতা করা হবে। দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রশাসনের কাছে পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply