তেলিয়ামুড়া, ১৪ মার্চ: খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন লেম্বুছড়া এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে পরিবারের অগোচরে নিজ বাড়ির ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রণজিৎ দাস (২৪)।। আজ সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি তেলিয়ামুড়া থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হলেও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের বক্তব্য, প্রণজিৎ দাস শান্ত স্বভাবের যুবক ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

