কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, রাজ্যের ২৯৪টি কেন্দ্রের মধ্যে কয়েকজন হেভিওয়েট মন্ত্রী ও বর্ষীয়ান বিধায়কের ক্ষেত্রে আসন পরিবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখছে শীর্ষ নেতৃত্ব।
বুধবার ও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জের কালিঘাটের বাসভবনে দলের অতি শীর্ষস্তরের কয়েকজন নেতাকে নিয়ে দু’দফা রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
দলীয় সূত্রের দাবি, বর্তমান মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং একাধিক অভিজ্ঞ বিধায়কের নাম উঠে এসেছে, যাঁদের এবার ভিন্ন আসন থেকে লড়ানো হতে পারে। একই সঙ্গে এমন কিছু বর্তমান বিধায়কের নাম নিয়েও আলোচনা হয়েছে, যাঁরা এবার টিকিট নাও পেতে পারেন এবং তাঁদের সাংগঠনিক দায়িত্বে ব্যবহার করা হতে পারে।
বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রার্থী তালিকায় ‘পুরনো মুখ’ ও ‘নতুন মুখ’-এর মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা। পাশাপাশি রাজনীতির বাইরের পরিচিত মুখ—বিশেষ করে বিনোদন জগৎ, বিভিন্ন পেশা এবং মিডিয়া জগতের ব্যক্তিত্বদের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। দলীয় সূত্রের ইঙ্গিত, এবারের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে।
এদিকে আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি রাজ্যসভা আসনের নির্বাচন নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিধানসভায় বর্তমান সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পাঁচটির মধ্যে চারটি আসনে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। একটি আসন পেতে পারেভারতীয় জনতা পার্টি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সম্ভাব্য চার রাজ্যসভা আসনের মধ্যে তিনটিতে দলের অভিজ্ঞ নেতাদের মনোনয়ন দেওয়া হতে পারে। বাকি একটি আসনে অরাজনৈতিক হলেও দিল্লির রাজনৈতিক মহলে বিস্তৃত যোগাযোগ রয়েছে—এমন কোনও ব্যক্তিকে প্রার্থী করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

