এডিসি এলাকার মানুষের সমস্যা সমাধানের কথা বামফ্রন্ট ছাড়া অন্য কেউই চিন্তা করেনা : মানিক সরকার

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: এডিসি এলাকার উপজাতিদের প্রকৃত কল্যাণ যদি প্রতিপক্ষের একটি বড় অংশ সত্যিই চায় তাহলে বামফ্রন্টের সঙ্গে সামিল হওয়া ছাড়া তাদের আর কোনও বিকল্প নেই। আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) রাজনগর অঞ্চল সম্মেলন রক্তদান শিবিরে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম)-এর প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) রাজনগর অঞ্চল সম্মেলন উপলক্ষ্যে রবিবার আগরতলার ছাত্রযুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। রক্তদান শিবিরে যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মানিক সরকার রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ত্রিপুরায় অনুষ্ঠিত কোনও নির্বাচনেই সাধারণ মানুষ স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। নির্বাচন ব্যবস্থাকে কার্যত নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

শাসক দল বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে মানিক সরকার বলেন, সারা রাজ্যেই দুর্নীতি চলছে। সারা রাজ্যের সাথে এডিসি এলাকায় কাজ নেই, রোজগার নেই, খাবার নেই। মানুষের জীবন এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে যে কোথাও কোথাও সন্তান বিক্রির মতো মর্মান্তিক ঘটনাও সামনে আসছে। তাঁর কথায়, এখন জনজাতি মহিলারাও সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তাঁর মতে, এই পরিস্থিতি রাজ্যের শাসনব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতাকেই তুলে ধরে।

তিনি আরও বলেন, মানুষ যদি ঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে কোনও জায়গাতেই বর্তমান শাসক দল বিজেপিকে মানুষ আবার ক্ষমতায় ফিরিয়ে আনবে না। এডিসি প্রসঙ্গে মানিক সরকার স্পষ্টভাবে বলেন, পাঁচবছর অন্তর অন্তর এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধানের নিয়ম মেনেই এডিসি ভোট করতে হবে রাজ্য সরকারকে। এপ্রিলেই মেয়াদ ফুড়িয়ে যাচ্ছে বর্তমান এডিসির। রাজনৈতিক অবস্থান থেকে এই পাহাড় ভোটে জোরদার লড়াই চালাবে সি পি আই এম। এদিকে, তিপরা মথার শাসনে এডিসিতে উপজাতিদের বেহাল দশা। কাজ নেই, খাদ্য নেই। তাই অধিকার, উন্নয়ন এবং সাংবিধানিক সুরক্ষার প্রশ্নে বামফ্রন্টই একমাত্র নির্ভরযোগ্য শক্তি।

Leave a Reply