আগরতলা, ১৬ জানুয়ারি: রাস্তার পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ সাত সকালে তেলিয়ামুড়া মহারাণীপুর জারইলং বাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসী রাস্তার পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরিচয় অপু দেবনাথ (৫৩) বলে জানা গেছে।
মৃতের পরিজনদের দাবি, গতকাল রাত আনুমানিক ১১টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন এবং এরপর আর বাড়িতে ফেরেননি। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন বলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি।
আজ সকালে মৃতদেহ উদ্ধারের সময় তার নাক ও মুখে রক্তের দাগ দেখা যায় বলে জানা গেছে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। ঘটনাটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

