ধর্মনগর, ২৬ এপ্রিল: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর মাঝেই উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অধীনস্থ এলাকা থেকে ভারত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে।
ধৃতের নাম সজল চক্রবর্তী। তিনি ধর্মনগরের জেল রোড এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামাজিক মাধ্যমে দেশবিরোধী মন্তব্য ছড়ানোর অভিযোগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ৩৫২ ও ৩৫৩ ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার ধৃত সজল চক্রবর্তীকে জেলা ও দায়রা আদালতে তোলা হয়।
এছাড়াও, বিশ্বজিৎ বিশ্বাস নামে আরও এক যুবকের বিরুদ্ধে ভারত-বিরোধী পোস্ট করার অভিযোগ দায়ের হয়েছে। তবে তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৃতিকান্ত বর্ধন জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে এবং ধৃতের কাছ থেকে অভিযোগ সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, আমবাসার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিপি মিশ্র অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক জওহর দেবনাথ এবং কুলদীপ মন্ডলের জামিনের আবেদন খারিজ করে তাদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি সুবীর দাস।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

