হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাওকে দুভাগে বিভক্ত করে দুটি পৃথক জেলা গঠন এবং দুটি পৃথক স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আগামী ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ-এর ডাক দিয়েছে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম (আইপিএফ)।
আজ সোমবার বিকালে হাফলঙে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানিয়েছেন সংগঠনের কার্যনিৰ্বাহী সভাপতি সামসুদ্দেনবে জেমি। তিনি বলেন, ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবি দীর্ঘদিনের। গত ২৬ মার্চ এই দাবিতে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম হাফলঙে এক বিরাট মিছিল বের করে জেলাশাসক সীমান্তকুমার দাসের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকলিপি তাঁরা পাঠিয়েছিলেন। ওই স্মারকলিপিতে লেখা হয়েছিল, ১০ এপ্রিলের মধ্যে যদি সংগঠনের পৃথক জেলা গঠনের দাবিতে রাজ্য সরকার কোনও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ না করে, তা-হলে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম অনির্দিষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ-এর আহ্বান করে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে তোলা হবে।
সাংবাদিক সম্মেলনে সামসুদ্দেনবে জেমি বলেন, ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম রাজ্য সরকারকে যে ১০ এপ্রিলের সময়সীমা বেঁধে দিয়েছিল, আজ তা অতিক্রম হয়ে গেছে। এর পরও পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা এ ব্যাপারে কোনও সাড়াও মেলেনি।
তাই আজ সোমবার ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম এক জরুরি বৈঠকে বসে আসন্ন বিহু, ঈদ এবং ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম সফরের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের ডিমা হাসাও জেলা বনধ-এর আহ্বান করা হয়েছে ২৬ এপ্রিল থেকে।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি বলেন, এবারের বনধ-এ পাহাড়ি জেলার জনজীবন স্তব্ধ করে দেওয়ার পাশাপাশি পাহাড়ে রেল পরিষেবা সম্পূর্ণ অচল করে দেওয়া হবে। তাছাড়া প্রস্তাবিত বনধ-এ যদি পাহাড়ি জেলায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তা-হলে এর জন্য রাজ্য সরকার দায়ী থাকবে বলেও সামসুদ্দেনবে জেমি বলেন। তিনি বলেন, এই সময়ের মধ্যে যদি পৃথক জেলা গঠনের ইস্যুতে রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেয়, তা-হলে আহূত বনধ নিয়ে চিন্তাভাবনা করবে ইন্ডিজেনাস পিপলস্ ফোরাম।
উল্লেখ্য, ২০১০ সালের ৩০ মার্চ উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদল করে রাজ্য সরকার ডিমা হাসাও জেলা করার পর থেকে পাহাড়ি জেলায় বসবাসরত অ-ডিমাসা উপজাতি জনগোষ্ঠীদের নিয়ে গঠিত ইন্ডিজেনাস পিপলস ফোরাম ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠন করার দাবি সহ পৃথক স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পরিষদীয় মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করে দেয়। ওই কমিটি সময় সময় ইন্ডিজেনাস পিপলস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক জেলা গঠনের ইস্যু নিয়ে বৈঠক করেছে। এছাড়া রাজ্য সরকারের সঙ্গেও বার-কয়েক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পরও এ নিয়ে রাজ্য সরকার কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ ইন্ডিজেনাস পিপলস ফোরামের।
এদিকে সোমবারের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের সভাপতি এল কুকি, সাধারণ সম্পাদক এল লিমা কেভম প্রমুখ।

আগামী ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ডিমা হাসাও জেলা বনধ-এর ডাকপৃথক দুই জেলা এবং দুটি পৃথক স্বশাসিত পরিষদের দাবিতে আন্দোলন ইন্ডিজেনাস পিপলস্ ফোরামের
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















