কলকাতা, ৬ জুন (হি.স.): গায়ক অথবা গায়িকাদের পরিচিতি হয় তাঁদের সুরের মাধ্যমে। কিন্তু, বেফাঁস মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে শো থেকে বিরত ছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। অবশেষে বিতর্ক কাটিয়ে পুরনো ছন্দে ফিরলেন রূপঙ্কর। প্রখ্যাত গায়ক কেকে-র মৃত্যু নিয়ে লাগাতার জনরোষের মধ্যেই রবিবার স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচী। পুলিশি ঘেরাটোপের মধ্যে মঞ্চে ওঠেন তিনি। শো শেষে হাত জোর করে বেরিয়ে যান শিল্পী। প্রায় ৯০ জন পুলিশ কর্মীর নিরাপত্তায় শো করেন গায়ক। সোমবার নিজেই তাঁর শোয়ের কথা জানান।
গায়ক কেকে-র আকস্মিক প্রয়াণের পর থেকেই জনরোষের শিকার হয়েছিলেন রূপঙ্কর। নিঃশর্ত ক্ষমাও চান তিনি। কিন্তু, কেকে-র সম্পর্কে তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় যত ঘোরাফেরা করছে, ততই মানুষের ক্ষোভ বাড়ছে। বিতর্কের মাঝেই মঞ্চে উঠে শো করার পর রূপঙ্কর সামাজিক মাধ্যমে নতুন করে আক্রমণের মুখে।



















