নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বাতাসের এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি। গত কয়েকদিনের মতো সোমবারও দূষিত ছিল দিল্লির বাতাস। একইসঙ্গে ঠাণ্ডাও জাঁকিয়ে পড়েছে রাজধানীতে। সোমবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন ভোরের দিকে ধোঁয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যায় দিল্লির আকাশ। রোদ ঝলমলে আকাশে শীতের শিরশিরানি বেশ ভালোই মালুম হয়েছে। তবে, চিন্তার বিষয় হল, দূষণ-মুক্ত হচ্ছেই না রাজধানী। সকাল দশটা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩১৩, যা খুবই খারাপ।
রাজধানী দিল্লি-সহ দেশের অন্যত্রও ঠান্ডার দাপট শুরু হয়েছে। প্রবল শীতে রাজস্থানের অনেক জায়গায় জনজীবন ব্যাহত হচ্ছে। বহু জায়গায় সকালবেলা কুয়াশার কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। ঠান্ডা এবং কুয়াশায় দৈনন্দিন কাজকর্মও শুরু হচ্ছে অনেক দেরিতে। কাশ্মীরে শীতের অবস্থার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও বহু জায়গায় তাপমাত্রা থাকছে শূন্য ডিগ্রির নীচে।

