আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পেতে পারে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিলিং সংক্রান্ত বিষয়ও।
বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে অধিবেশনের কর্মসূচি নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই বিধানসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, বিধানসভা সচিবালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বিধানসভা চত্বরে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। বৈধ পরিচয়পত্র বা বিধানসভা সচিবালয়ের অনুমতিপত্র ছাড়া কোনও ব্যক্তি বা যানবাহন বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন না।
বিধানসভার সদস্য, সংবাদমাধ্যমের কর্মী এবং বিধানসভা সচিবালয়ের কর্মীদের গেটে নিরাপত্তারক্ষীরা পরিচয়পত্র বা বৈধ অনুমতিপত্র চাইলে তা প্রদর্শন করতে হবে। বৈধ অনুমতিপত্র থাকলেই গাড়ি বা অন্য যানবাহন নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশের অনুমতি মিলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনও দর্শনার্থী, সরকারি আধিকারিক, সংবাদমাধ্যমের কর্মী কিংবা বিধানসভার কর্মী ব্যাগ বা অন্যান্য আপত্তিকর সামগ্রী নিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবেন না।
তিনদিনের এই অধিবেশনে গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। পাশাপাশি স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভায় কী আলোচনা হয়, সেদিকেও তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী।



















