আগরতলা, ২০ আগস্ট: জিবি হাসপাতালের মেডিসিন বিভাগে চুরির ঘটনায় আরও এক অভিযুক্তকে আটক করল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। গত ১৭ আগস্ট হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে মোবাইল ফোন, ঘড়ি ও ল্যাপটপ চুরির ঘটনায় তদন্তে নেমে ইতিমধ্যেই এক অভিযুক্তকে চুরি যাওয়া সামগ্রীসহ আটক করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার এক সহযোগীর নাম জানতে পারে তদন্তকারী দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সহযোগীকে পোলো টাওয়ার হোটেল সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে আরও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি কাঞ্চনপুর এলাকায় বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে বলে অভিযোগ, জিবি মেডিকেল কলেজের হোস্টেল থেকেও এক মেডিকেল ছাত্রীর মোবাইল ফোন চুরির ঘটনায় সে জড়িত ছিল। এছাড়াও উদ্ধার হওয়া অন্যান্য মোবাইল ফোন বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে বলেও সে পুলিশের কাছে জানিয়েছে বলে দাবি তদন্তকারীদের।
ঘটনায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পরে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
























