আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। দুর্ঘটনায় বাইকে থাকা এক মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, একটি মোটরসাইকেলে করে এক যুবক ও এক মহিলা সুবল সিং এলাকা থেকে খোয়াইয়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির গাড়ি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।
দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
খোয়াই জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানান, মৃত যুবকের নাম রতিশ দেববর্মা। আহত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্ত ও আটক করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনায় অভিযুক্ত গাড়ির সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















