নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার রাঘব চাড্ডা এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।
শুক্রবার সকালে রাঘব চাড্ডা একটি ভিডিও বার্তায় অভিযোগ করেন, সাধারণ মানুষের কথা বলার জন্য তাঁকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। তাঁর এই মন্তব্যের পরই দলের তরফে পাল্টা আক্রমণ শুরু হয়।
দিল্লি আপ সভাপতি সৌরভ ভারদ্বাজ একটি ভিডিও বার্তায় চাড্ডার তীব্র সমালোচনা করে বলেন, তিনি নিজের নৈতিক অবস্থান থেকে সরে গিয়েছেন। একইসঙ্গে তিনি ‘সফট পিআর’ করার অভিযোগও তোলেন।
ভরদ্বাজ কটাক্ষ করে বলেন, “ছোট দলের সময় সীমিত, তাই দেশের বড় বিষয় নিয়ে কথা বলা জরুরি, সামোসা নিয়ে নয়।” তিনি আরও প্রশ্ন তোলেন, গুজরাটে আপ কর্মীদের উপর অত্যাচার বা পশ্চিমবঙ্গে ভোটাধিকার সংক্রান্ত বিষয় কেন সংসদে তোলেননি চাড্ডা।
তিনি আরও অভিযোগ করেন, যখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল, তখন চাড্ডা আড়ালে চলে গিয়েছিলেন। “রাজনীতি করতে হলে শাসকের চোখে চোখ রেখে কথা বলতে হয়,” বলেন তিনি।
দলের মিডিয়া ইনচার্জ অনুরাগ ধান্দা-ও চাড্ডাকে আক্রমণ করে বলেন, “আমরা কেজরিওয়ালের সৈনিক। ভয়হীনতা আমাদের পরিচয়। কেউ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পায়, তবে সে দেশের জন্য লড়াই করবে কীভাবে?”
তিনি আরও অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে চাড্ডা সংসদে নীরব থেকেছেন এবং কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দ্বিধা দেখিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই দলের অন্দরে এই বিরোধ তীব্র আকার নেয়।



















