ধর্মনগর, ৩০ মার্চ: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই তীব্র হয়ে উঠছে রাজনৈতিক লড়াই। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে শাসক দল বিজেপির প্রচার অভিযান।
সোমবার ধর্মনগর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, প্রাক্তন কৃষাণ মোর্চার নেতা বিশ্বজিৎ দেব সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নেতারা। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন।
এ প্রসঙ্গে দীপক মজুমদার বলেন, প্রার্থী জহর চক্রবর্তী একজন সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে ধর্মনগরে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আমরা আশা করছি, সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে তাঁকেই সমর্থন করবেন। উল্লেখ্য, ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে, এবং সব দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে।

