কলকাতা, ২৯ মার্চ (আইএএনএস): বিজেপির প্রকাশিত ‘চার্জশিট’-কে ঘিরে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারে এক নির্বাচনী সভা থেকে তিনি বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগে কেন্দ্রের বিরুদ্ধে এবং নিজেদের বিরুদ্ধেই চার্জশিট প্রকাশ করা হোক।
সভামঞ্চ থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল বিজেপির এক শীর্ষ নেতা তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেন। আমি বলি, আগে নিজেদের বিরুদ্ধে চার্জশিট দিন। দাঙ্গায় কত মানুষ মারা গেছেন, তার হিসেব দিন। যখন আমেরিকা থেকে গুজরাটিদের হাতকড়া পরিয়ে দিল্লিতে আনা হচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? মানুষের কথা শোনেন না, শুধু ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়াই আপনাদের একমাত্র লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দাঙ্গাবাজ, স্বৈরাচারী, গণতন্ত্র ধ্বংসকারী—ওদের যেন কেউ ভোট না দেন।”
উল্লেখ্য, শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার একটি চার্জশিট প্রকাশ করেন। সেখানে আইন-শৃঙ্খলা, অনুপ্রবেশ এবং দুর্নীতির মতো একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করা হয়। শাহ বলেন, এই নির্বাচন শুধু রাজ্যের জন্য নয়, দেশের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
এদিন শাহর ‘ব্যান্ডেজ’ মন্তব্যেরও কড়া জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের আগে আমি নাকি ব্যান্ডেজ বেঁধে ঘুরি—এমন অভিযোগ তোলা হচ্ছে। আমি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। হাসপাতালের নথি দেখুন। গত নির্বাচনে আপনারাই আমার পায়ে আঘাত করেছিলেন। আবার কি আক্রমণের পরিকল্পনা করছেন?”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “এটা শুধু চরিত্রহনন নয়, আমাকে খুনের চক্রান্ত। তবে ভগবান রক্ষা করলে কেউ ক্ষতি করতে পারে না।”
একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি বার্তা দেন, “প্রার্থী কে তা দেখার দরকার নেই, আমাকেই প্রার্থী ভাবুন। আমাকে ভরসা করে ভোট দিন। তৃণমূলই সরকার গড়বে। যতই চক্রান্ত হোক, কিছুই সফল হবে না। জঙ্গলমহলে আর অশান্তি ফিরতে দেওয়া যাবে না।”
_____

