দক্ষিণ দিনাজপুরে খুনের চেষ্টা: তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

দক্ষিণ দিনাজপুর, ২৯ মার্চ(আইএএনএস): খুনের চেষ্টার ঘটনায় চার দিন পর অবশেষে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতা। গঙ্গারামপুর থানার পুলিশ রবিবার মূল অভিযুক্ত বাবু চৌধুরীকে গ্রেফতার করে। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ রাতে গঙ্গারামপুর থানার সামনেই তৃণমূল কর্মী শিব চৌধুরীকে গুলি করার অভিযোগ ওঠে বাবু চৌধুরী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় শিব চৌধুরীকে স্থানীয় বাসিন্দারা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন বাবু চৌধুরী। গোপন সূত্রে খবর পেয়ে মালদহে এক আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গঙ্গারামপুর মহকুমা আদালতে তাঁকে তোলা হয়েছে।

জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, “তদন্তে আমরা ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেফতার করেছি। আহতের পরিবারের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় বাবু চৌধুরী উপস্থিত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও হাতে এসেছে এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

এদিকে, ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষত নির্বাচন আসন্ন থাকায়। তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সমালোচনায় সরব বিরোধীরা।

বিজেপি প্রার্থী সত্যনারায়ণ রায় কড়া ভাষায় বলেন, “এত বড় অপরাধের পরেও তৃণমূল কোনও ব্যবস্থা নেয়নি। অপরাধে অভিযুক্তরাই ওদের সম্পদ, তাই দল থেকে বহিষ্কার করতে পারছে না।”

অন্যদিকে, তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভৌয়াল জানান, “দলে অপরাধীদের কোনও জায়গা নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply