বিশালগড়, ২৮ মার্চ: টিএসআরের গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে টিএসআর-এর এক হাবিলদারও রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনায় বিশালগড়ের হরিশনগর রেল ব্রিজের সামনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের হরিশনগর রেল ব্রিজের সামনে টিএসআরের গাড়ি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তারা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

